Main Menu

সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমাপ্ত


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ুর পরিবর্তন ঠেকাতে প্রতিটি বাসা-বাড়ি ও খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। তিনি বলেন, একজন মানুষকে জীবনে অন্তত তিনটি বৃক্ষ রোপন করতে হবে। এর একটি বনজ, একটি ঔষধি ও একটি ভেষজ। এই দায়িত্বটি নিজের প্রয়োজনে আমাদেরকে নিষ্ঠার সাথে পালন করতে হবে। নইলে আমাদের পরবর্তী প্রজন্ম ভয়াবহ ক্ষতির সম্মুখিন হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগে বনবিভাগের উদ্যোগে এবছর ১০ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে জানিয়ে মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, শুধু সরকারিভাবে বৃক্ষরোপণ করলে হবে না। সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমি আফতাব চৌধুরীর মতো কিছু বৃক্ষপ্রেমী দেশে থাকায় বনাঞ্চলের পরিমান কম করে হলে ৪/৫ ভাগ বেড়েছে। আগামীতে জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে বৃক্ষপ্রেমীদের পুরস্কৃত করার কথা জানান বিভাগীয় কমিশনার।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান বিপিএম, সিলেট রেঞ্জের এসপি নুরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. সালা উদ্দিন ও প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা আর.এস.এম. মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার সালেহ আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ মিছবাহ এবং গীতা থেকে পাঠ করেন চয়ন ব্রত চৌধুরী।
পরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সিলেট কর্তৃক প্রকাশিত বিভাগীয় বৃক্ষমেলা স্মারক ‘সাতকরা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। মেলায় অংশ নেয়া সেরা তিনটি নার্সারিকে সনদ ও পুরস্কার দেয়া হয়। এছাড়া মেলায় অংশ নেয়া সকল নার্সারিকে সনদ প্রদান করেন প্রধান অতিথি।

Share





Related News

Comments are Closed