Main Menu

শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগ: সিলেটে রিজভী

বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘শনিবার রাজধানীতে শ্রমিকদের আন্দোলন থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নেতা শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।’’ এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক ফেসবুকে তাদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন বলে দাবি করেন তিনি।

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, ‘‘সংসদে আলোচনা করে যেসব সমস্যার সমাধান সম্ভব, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। তবে লং মার্চের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।’’

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘‘একটি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে আবার বিপ্লবের কথা কেন বলা হচ্ছে, তা স্পষ্ট নয়। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে। বিভিন্ন দেশে গিয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘বিএনপি ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এ আন্দোলনে অনেক নেতাকর্মী রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।’’

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘সরকার দায়িত্ব নেওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশের কলকারখানা ও বাসাবাড়িতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’’

তিনি আরও বলেন, ‘‘সরকার সামাজিক অস্থিরতা সৃষ্টির বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করছে। চাঁদাবাজি, মাস্তানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

রিজভীর অভিযোগ, পরাজিত শক্তি দেশের বাইরে থেকে উসকানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। এসব মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘এলাকায় কার জনপ্রিয়তা বেশি, কে উপযুক্ত এবং কার জয়ের সম্ভাবনা রয়েছে, তা স্থানীয় পর্যায়ে নির্ধারণ করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’’

তিনি বলেন, ‘‘নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা ও ভোট গ্রহণের তারিখ অনুযায়ী প্রার্থীদের কার্যক্রম আরও জোরদার হবে।’’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।

এর আগে সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির এই নেতা।

দিনব্যাপী সিলেট সফর শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Share





Related News

Comments are Closed