কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মনিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শ্রী কৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ উৎসব শুরু হয়।
এবার মাধবপুর জোড়া মন্ডপে ১৮১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাস উৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি বিদেশি পর্যাটকসহ হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন।
রাত সাড়ে ১১টায় জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হবে রাসের মূল প্রাণ মহারাসলীলা।
মহারাত্রির আনন্দের পরশ পেতে সমাগত হয়েছেন নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যাটকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মাধবপুরের মণ্ডপ প্রাঙ্গণ।
রাস উৎসবকে ঘিরে মাধবপুর মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। এই উৎসব মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবারে মাধবপুর জোড়া মণ্ডপে ১৮১তম মহারাসলীলার অনুষ্ঠানে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা বিনিময় সভা ও প্রদীপ প্রজ্বলন। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
বিশেষ অতিথি থাকবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশিদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মো. মনজুর রহমান।
রাত সোয়া ১১টায় শুরু হবে শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলা, যা মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে। প্রতিবছরের মতো এবারও মহারাসলীলা উপলক্ষে মাধবপুরের শিববাজারে বসেছে বিরাট মেলা।
এদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪০তম রাসোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed