Main Menu

সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ আভিযানিক দল।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদর থানাধীন উকিলপাড়া মহল্লা এলাকায় এই মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

বিশেষায়িত পুলিশ বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নিরাপদ খাদ্য আইনে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যহানিকর উপায়ে পণ্য উৎপাদন, ওজনে কম দেওয়া এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী তা অমান্য করে আসছিল। এসব অপরাধ দমনে এসআরবি-৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এর ভিত্তিতেই সোমবার এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গুরুতর সব অভিযোগের সত্যতা পেয়ে ৩ প্রতিষ্ঠান প্রধানকে নগদ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আল আরাফাহ বেকারীর মালিক কামরুল হাসান মুন্না (১ লাখ টাকা), মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেব (১ লাখ টাকা) এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেন (২০ হাজার টাকা)।

Share





Related News

Comments are Closed