Main Menu

জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।

জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ নামক এলাকায় কিছু লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে। এসময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হলেও কোন পুলিশ সদস্য আহত হননি বলে জানান এসপি।

Share





Related News

Comments are Closed