Main Menu

কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলা সাহিত্যে ষাটের দশকের শক্তিমান কবি অধ্যক্ষ আফজাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ জানুয়ারী সোমবার। কল্যাণব্রতের কবি খ্যাত শিক্ষাবিদ আফজাল চৌধুরী ছিলেন তার সমসাময়িক কবিদের মধ্যে এক উজ্জ্বল ব্যতিক্রম।
সাহিত্যের টাইরেসিয়াস খ্যাত দূরদর্শী এই প্রবক্তা কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সকল মানুষের বিশেষভাবে শোষিত ও নির্যাতিত মুসলিম জনগণের পক্ষে ছিলেন অত্যন্তসোচ্চার। মানবাত্মার সব ধরনের অবমাননার বিরুদ্ধে তিনি ছিলেন চির প্রতিবাদী কবিকণ্ঠ। তাঁর অধিকাংশ কবিতায় এ সত্য বিধৃত। সাবেক সোভিয়েত ইউনিয়নের কম্যুনিষ্ট শাসকগোষ্ঠীসহ বিশ্বব্যাপী কমিউনিজমের ধ্বজাধারী কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠীর সাত দশকের অপশাসন শোষণ ও গণহত্যার নিন্দায় অধ্যক্ষ কবি আফজাল চৌধুরীর কবিতা ছিলো প্রতিবাদমুখর। তিনি সোভিয়েত ইউনিয়নের পতনের অনেক আগেই এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। যখন এ দেশের অধিকাংশ কবি সাহিত্যিক ছিলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদীদের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর আলেকজান্ডার সোলঝোনেৎসিনকে নিবেদিত কবিতা, “হে পৃথিবী নিরাময় হও” কাব্যনাটক এবং ‘সামগীত দুঃসময়’ কাব্যগ্রন্থে এ ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি পুঁজিবাদী শোষক গোষ্ঠীর বিরুদ্ধেও ছিলেন সমালোচনামুখর। তাঁর অধিকাংশ কবিতায় এই সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ লক্ষ্য করা যায়।
আফজাল চৌধুরী ধ্যানী ও ইসলামী রেনেসাঁর কবি হিসেবে বিশেষভাবে পরিচিত হলেও বিশ্বমানবতা ছিলো তার কাব্যের মূল সুর। আর এটা মানবধর্ম ইসলামের মহান আদর্শ সজ্ঞাত।
নিম্নে উদ্ধৃত কবিতার ক’টি পংক্তির মাধ্যমে অমর কাব্যকর্মের কবির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি :
‘অন্তিম দরোজা খুলে রহস্যে চলে গেছো তুমি/ রেখে গেছো একরাশ শব্দের উদ্দীপ্ত আবাবিল/ তোমার বলিষ্ঠ কণ্ঠে কাঁপে আজো আব্রাহার দিল/ ঈমানের ফুলে শস্যে ভরে ওঠে হৃদয়ের ভূমি/ তুমি তো চলেই গেছো পরলোকে ঐশী ইশারায় / তেমার স্পর্শ তবু অমলিন এ নশ্বর পৃথিবীর গায়।’

কর্মসূচী :
কবির ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণ সভা ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
সিলেট সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবি আফজাল চৌধুরী স্মরণ সভা আগামী ২৭ জানুয়ারী সন্ধ্যা ৬টায় সংস্কৃতি কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট সাহিত্য পরিষদ, সিলেট লেখক ফোরাম, প্রত্যাশা সাহিত্য পরিষদ হবিগঞ্জ দিশারী একাডেমী, গোলাপগঞ্জ সংস্কৃতি কেন্দ্র, ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্র, বিশ্বনাথ সংস্কৃতি কেন্দ্র ও আব্দুল মালিক পাঠাগারের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed