Main Menu

ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘মানুষ ও কুকুর’-এর লেখক মোঃ নজমুল হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জের কৃতী সন্তান, সাহিত্যসাধক, গবেষক ও সমাজচিন্তক মোঃ নজমুল হুসাইন রচিত ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘মানুষ ও কুকুর’-এর সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর পরিবারের হাতে সম্মাননা স্মারক (মানপত্র) প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০০০ সালে প্রকাশিত ‘মানুষ ও কুকুর’ গ্রন্থটি প্রাণী ও মানুষের পারস্পরিক সম্পর্ক, মানবিকতা, ভালোবাসা এবং নৈতিক মূল্যবোধকে উপজীব্য করে রচিত হয়। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও গ্রন্থটি প্রকাশ করে লেখক পাঠকমহলে প্রশংসিত হন।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের করোনা মহামারির সময় বইটি পুনরায় পাঠের সুযোগ হয়। গ্রন্থটির মানবিক দৃষ্টিভঙ্গি, প্রাণীর প্রতি সহমর্মিতা এবং সমাজভাবনা তাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। এরপর থেকেই লেখক মোঃ নজমুল হুসাইনের সন্ধান শুরু হয়। বিভিন্ন সূত্রে অনুসন্ধানের পর সম্প্রতি জানা যায়, তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় লেখকের সাহিত্যসাধনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার মুজাহিদ আহমদ ও শাহরিয়ার বুলবুলকে সঙ্গে নিয়ে লেখকের নিজ বাড়িতে যান আয়োজকরা। লেখক দেশে না থাকায় তাঁর শ্রদ্ধেয় পিতা মাওলানা ইউনুছ মিয়ার হাতে সম্মাননাপত্রটি তুলে দেওয়া হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে লেখক মোঃ নজমুল হুসাইনের সঙ্গেও সৌজন্য আলাপ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ মানপত্র প্রদান করা হয়। মানপত্রে তাঁকে সাহিত্যিক, গবেষক, সমাজচিন্তক ও শিক্ষানুরাগী হিসেবে উল্লেখ করে তাঁর সাহিত্যচর্চা, গবেষণা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়।

মানপত্রে বলা হয়, সাহিত্য ও গবেষণার মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার বিকাশ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, সৃজনশীলতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেকের পক্ষ থেকে মানপত্রটি নিবেদন করা হয়।

উদ্যোক্তারা জানান, লেখকের সঙ্গে তাঁদের পূর্বে কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না। কেবল তাঁর সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমানে ‘মানুষ ও কুকুর’ গ্রন্থটি বাজারে পাওয়া যায় না। তাই বইটি নতুনভাবে সম্পাদনা করে পূর্ণাঙ্গ সংস্করণে পুনর্মুদ্রণের আহ্বান জানিয়েছেন তারা। তাদের মতে, পুনর্মুদ্রণ হলে নতুন প্রজন্মসহ বৃহত্তর পাঠকসমাজ একটি মূল্যবান সাহিত্যকর্ম পাঠের সুযোগ পাবে। প্রয়োজনে সংরক্ষিত একটি কপিও লেখকের কাছে পৌঁছে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

শেষে সাহিত্যসাধক, গবেষক, সমাজচিন্তক ও শিক্ষানুরাগী মোঃ নজমুল হুসাইন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্য-গবেষণায় আরও সমৃদ্ধ পথচলার জন্য শুভকামনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed