Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফসহ দুই নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ দেশে পাচারের সময় মাছিমপুর সীমান্ত এলাকা থেকে দুই নারীকে আটক করা হয়। জব্দকৃত ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, জব্দ করা মালামাল ও আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারিসহ সার্বিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed