নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের ভাষ্য, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করে।
এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসী এগিয়ে আসার আগেই যানবাহনগুলো নিয়ে তারা ঢাকার দিকে চলে যায়। মুখোশ পরা থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।
স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। পরে গুলির শব্দ শুনতে পান তিনি।
স্থানীয়দের অভিযোগ, নাটোরেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বিএনপি নেতা জুয়েল বলেন, তিনটি যানবাহনে করে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়ে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ককটেল বিস্ফোরণ হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে ভালোভাবে বোঝা না গেলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।
Related News
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’Read More
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More



Comments are Closed