Main Menu

সিলেটে সড়কে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইরচক ট্রাক স্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জিল্লুর রহমান (৪০) সিলেট সিটি করপোরেশনের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার রোড নং-৩, বাসা নং-১৭ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মতিন।

পুলিশ সূত্রে জানা যায়, তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা নিয়ে শ্রীরামপুর প্যারাইরচক ট্রাক স্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ পূর্বে বাইপাস সড়কে জড়ো হন। এ সময় পেট্রোল ব্যবহার করে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে মোঃ জিল্লুর রহমানকে আটক করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইমাউল হক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed