Main Menu

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে কোনো ধরনের ঘুষ দিতে হয় না।
দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে আগে ছাতকে যেতে হতো। স্থানীয় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে তাদের উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ এটিএম বুথ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি আপনাদের প্রতিষ্ঠান। তাই এর নিরাপত্তার দায়িত্বও আপনাদের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগের দোয়ারাবাজার ও বর্তমান দোয়ারাবাজারের উন্নয়ন এবং পরিবর্তন দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও পিছিয়ে নেই।

পূবালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া, কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ, কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী ও বাংলা বাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই এ এটিএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

পরিশেষে হাফিজ আব্দুস শহিদের পরিচালনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed