Main Menu

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। একই রাতে উপজেলার পাটগাতী এলাকায় এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা ও পাটগাতী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তাঁরা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে থানা ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানায় ঢুকে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

এরপর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থানায় অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed