Main Menu

সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিসহ মানব পাচারকারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এই তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৬ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন।

তবে কীভাবে তারা ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিজিবি। এ ছাড়া তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের আটকে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

উল্লেখ্য, এর আগেও গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করেছিল বিজিবি। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed