Main Menu

হবিগঞ্জে গোডাউনে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কামিনী প্লাজা পাল গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ঈদ উপলক্ষে মজুত করা প্রায় কোটি টাকার পোশাক পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতে পাল গার্মেন্টসের ৫তলায় কাপড়ের গোডাউনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিল্ডিং থেকে সবাই বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অতি.) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পাল গার্মেন্টস ও গোডাউনের মালিক সুখ দেব পাল জানান, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল গোডাউনে ছিল। সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Share





Related News

Comments are Closed