Main Menu

হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও রতনপুর গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে, বুধবার (৪ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে তেল চুরির বিষয়টি। পরে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে পাইপলাইনে বসানো বিশেষ পাইপ, তেল চুরির সরঞ্জাম ও তেল মজুদের আলামত পাওয়া যায়।

এ ছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে কয়েকটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। বাড়িতে তেল মজুদের জন্য তৈরি করা হয়েছিল দুটি বড় গর্ত।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যেতে চাইলে তিনি তাদের বাধা দেন। পরে তার বাড়ি থেকে তেল মজুদের ট্যাংক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, দুই দিনে প্রায় ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed