Main Menu

শ্রীমঙ্গলে মামার বিয়েতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামার বিয়েতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া বলেন, ‘আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমানে থাকে। বিদেশ থেকে ভিডিও কলে ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল আজ। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ হয়ে যায়। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম মিয়া আরও বলেন, ‘আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্রাঞ্চে চাকরি করেন। শিশু রুহান তার একমাত্র সন্তান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে রুহানের মর্মান্তিক মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়েছে। কান্নায় মূর্ছা যাচ্ছেন বিয়ে বাড়ির অনেকে।

Share





Related News

Comments are Closed