Main Menu

ধর্ষণের পর মাথা ন্যাড়া: নারী কাউন্সিলর ও তার মা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে সদ্য এসএসসি পাস করা এক কিশোরীকে ধর্ষণের পর মাসহ তার মাথা ন্যাড়া করার মামলায় বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকি ও তার মা রুমিকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পলাতক ওই দুজনের পাবনা অবস্থানের কথা জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বগুড়া থেকে রওনা হয়। রোববার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতার কাউন্সিলর রুমকি ও তার মা রুমি বেগমকে বগুড়ায় আনা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে ধর্ষণের শিকার কিশোরী এবং তার মা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) নূরে আলম সিদ্দিকী চিকিৎসাধীন মা-মেয়েকে দেখতে বেলা ১১টার দিকে হাসপাতালে যান। প্রশাসনের পক্ষ থেকে তিনি মেয়েটিকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে তাকে কলেজে ভর্তির ব্যবস্থাও করা হবে বলে জানান ডিসি।

তিনি আরো জানান, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ প্রধানের নেতৃত্বে কমিটিতে আছেন—জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শহীদুল ইসলাম খান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম।

Share





Related News

Comments are Closed