Main Menu

বুধবার মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে চলছে প্রস্তুতি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বুধবার ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে এই সফর। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

জেলা শহরের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সার্কিট হাউস, জেলা জজ আদালত ও মৌলভীবাজার পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ নির্মাণকাজ।

রোববার সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে মাঠ কাদাময় হয়ে পড়েছে। কাদামুক্ত করতে ট্রাকে করে বালু এনে শ্রমিকেরা মাঠে ছড়িয়ে দিচ্ছেন। বাঁশ দিয়ে মঞ্চ তৈরির কাজও এগিয়ে চলছে। মাঠের চারপাশের আগাছা ও গাছের বাড়তি ডালপালা ইতিমধ্যে ছেঁটে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রবেশপথে ইট-সলিং করে অস্থায়ী সড়কও তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, ১৭ জুন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে যাবেন শ্রীমঙ্গল। এরপর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ শেষে সিলেট নগর হয়ে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

এসব তথ্য জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার বলেন, ১৭ তারিখ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী। তিনি ওইদিন বিকেলে রাজনগরে শেষ সমাবেশ করে সিলেট শহরের উপর দিয়ে বিমানে করে ফিরবেন। আমরা নগরবাসী তার ফিরতি যাত্রাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গত শুক্রবার (১২ জুন) সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রঙের কাজ, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।

শ্রীমঙ্গলের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন।

এদিকে, ওইদিন প্রথমেই হবিগঞ্জের মাধবপুরে আসবেন প্রধানমন্ত্রী।এই সফর সফল করতে গত রোববার মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগী চূড়ান্ত করতে একাধিকবার যাচাই-বাছাই করা হয়েছে বলে জানানো হয়।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের মৌলভীবাজারে এটি প্রথম সফর। এ উপলক্ষে জেলা বিএনপি ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাবাসী তাদের দীর্ঘদিনের দাবিগুলোও সামনে তুলে ধরছেন। কমলগঞ্জের আব্দুল মুমিন বলেন, ‘মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ হলে চিকিৎসার জন্য আর সিলেট ছুটতে হবে না। খরচও অনেক কমবে।’ আদিয়ান নোমান নামের আরেকজন বলেন, ‘শমসেরনগর বিমানবন্দর চালু করা প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের মানুষের প্রাণের দাবি। আশা করি প্রধানমন্ত্রী এটি বাস্তবায়ন করবেন।’

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মেডিকেল কলেজসহ জেলার দীর্ঘদিনের দাবিগুলো পূরণ হবে বলে আমরা আশাবাদী।’

Manual6 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।’

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code