কমলগঞ্জের জনপ্রিয় বংশি বাদক মদিনার মৃত্যু, শোকের ছায়া
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পরিচিত মুখ, জনপ্রিয় বংশি বাদক মদিনা (৭০) আর নেই। গত বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় উপজেলার ভেড়াছড়া গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগের দিন পহেলা বৈশাখ উপলক্ষে উত্তর বালিগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। নিজস্ব ঢঙে বাঁশি বাজিয়ে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করতেন এবং শেষ সময় পর্যন্ত মানুষকে বিনোদন দিয়ে গেছেন।
বংশি বাদক মদিনা দীর্ঘদিন ধরে এলাকার সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত নাম ছিলেন। বাঁশি বাজিয়ে গান পরিবেশন, ছোটখাটো সার্কাস প্রদর্শন, মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতেন তিনি। তার বিশেষ কৌশল ছিল একটি কয়েন দিয়ে একাধিক কয়েন তৈরি করার ম্যাজিক দেখানো, যা শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল।
জীবিকার তাগিদে তিনি কখনো আইসক্রিম, বাদাম, আচারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত ও ক্যামেলিয়া লেকসহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে ঘুরে গান শোনানো ও ছোটখাটো পণ্য বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত হাসিখুশি, প্রাণবন্ত ও সাদা মনের মানুষ। তাকে দেখলেই মানুষ বলতো “মদিনা ভাই, বাঁশি বাজিয়ে গান শোনান” কিংবা “একটা সার্কাস দেখান।” তিনি কখনো কাউকে নিরাশ করতেন না; বরং হাসিমুখে সবার অনুরোধ রাখতেন।
বংশিবাদক মদিনার মৃত্যুতে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি ছিলেন একজন নিরহংকার ও বিনোদনপ্রিয় মানুষ, যার উপস্থিতি সব সময় পরিবেশকে প্রাণবন্ত করে তুলত।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed