Main Menu

হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে দ্রুতগতির বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামের শামীমা আক্তার (৪৫) এবং তাঁর চার বছরের ছেলে তোকি আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমা আক্তার ছেলেকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা–ছেলের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed