Main Menu

সিন্ডিকেটের ছায়ায় জাদুকাটার শত কোটি টাকার বালি-পাথর নিলাম

সংগৃহিত ছবি:

বৈশাখী নিউজ ডেস্ক :  তিন দফা স্থগিতের পর কৌশল পাল্টে ঢাকায় গোপনে নিলাম হলো সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী জাদুকাটা থেকে লুট হওয়া প্রায় শত কোটি টাকার বালি-পাথরের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সভাকক্ষে এ নিলাম অনুষ্ঠিত হয়।

তবে নিলামে কতজন অংশ নিলেন, কে সর্বোচ্চ দরদাতা হলেন এবং কত টাকায় বালি-পাথর বিক্রি হলো—এসব তথ্য মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জানাতে পারেননি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। তাঁরা জানান, নিলাম অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, তবে বিস্তারিত তথ্য জানাতে পারবেন বিএমডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে নিলাম আহ্বানকারী বিএমডির সহকারী পরিচালক আজিজুল ইসলামের সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

সিন্ডিকেটের আড়ালে মোতালেব

সরেজমিনে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় দেখা গেছে, বালি-পাথর, সিঙ্গেল, বোল্ডার ও নুড়ি পাথরের বিশাল স্তূপ। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বালি-পাথরের সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হলেন আওয়ামী লীগ নেতা মোতালেব ওরফে ‘পাথর মোতালেব’। একসময় টং দোকানে পান বিক্রি করা মোতালেব এখন কোটি টাকার মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার মদদে নদী থেকে ড্রেজার, বোমা ও সেইভ মেশিনে খনিজ পাথর উত্তোলন করে জমা করা হয়েছে।

উচ্চ আদালত ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার সুযোগে কয়েক বছর ধরে জাদুকাটা নদীর বালিমহাল ইজারা দেওয়া হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে অবৈধ উত্তোলনে জড়ায় মোতালেব চক্র।

জব্দ ও স্থগিত নিলাম থেকে গোপন নিলাম

স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গত ৩ আগস্ট প্রশাসন ১০ হাজার ৭৪৩ ঘনফুট পাথর জব্দ দেখায়। এরপর সুনামগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে একাধিকবার নিলামের আয়োজন হলেও সমালোচনার মুখে তা স্থগিত করা হয়। অবশেষে মঙ্গলবার ঢাকায় বিএমডির সভাকক্ষে অতি গোপনে নিলাম সম্পন্ন হয়।

মোতালেব অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি জাদুকাটা বোল্ডার পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি, তবে কোনো সিন্ডিকেট বা অবৈধ উত্তোলনের সঙ্গে যুক্ত নন।

প্রশাসনের অবস্থান

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জাদুকাটা নদীর পূর্ব তীরে অবৈধভাবে উত্তোলনকৃত সব বালি-পাথর জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed