Main Menu

চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুন

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাজু মিয়া (৫৫) একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাদ্দাম বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত মো. রাজু মিয়ার সাথে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে ভাতিজা মোঃ হাছান মিয়া, হোসেন মিয়া ও মুক্তার মিয়াদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির জায়গা নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মিমাংসার জন্য শালিশ বৈঠক হয়, কিন্তু উভয় পক্ষের বিরোধ মিমাংসা হয়নি। বৃহস্পতিবার সকালে বিরোধীয় স্থানে ছোট একটি জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা রাজু মিয়া মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।

খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতত্বে একদল পুলিশ ঘটনাস্থল উপরিদর্শন করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিছেন ওসি।

Share





Related News

Comments are Closed