Main Menu

ইম্পেরিয়াল হাসপতালে ফ্রি চিকিৎসা দিলেন ইউরোপের অর্ধশতাধিক চিকিৎসক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকরা।

শনিবার (২ মার্চ) কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের উপস্থিতিতে ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন এসব চিকিৎসক।

কর্মসূচির প্রারম্ভিক মুহুর্তে প্রধান অতিথি হয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন কৃষি মন্ত্রী । এই সেবা কার্যক্রমের বাইরেও বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ইউরোপ থেকে আসা এসব চিকিৎসক। সম্প্রতি তারা বাংলাদেশে এসেছেন এবং এ অঞ্চলের চিকিৎসক ও রোগীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের পক্ষ থেকে রোগীদের দেওয়া হয় ঔষধও। হাসপাতালটির এমন উদ্যোগের প্রশংসা করেন সেবা নিতে আসা রোগীরা।

কর্মসুচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

এর আগে এসব বিদেশি চিকিৎসকরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্নস্থানে একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন। যুক্তরাজ্যভিত্তিক মানবিকসেবা সংস্থা তাফিদা রাকিব ফাউন্ডেশনের (টিআরএফ) আয়োজনে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৪ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) ও তাফিদা রাকিব ফাউন্ডেশনের (টিআরএফ) যৌথ আয়োজনে ঢাকায় একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্মেলনে অংশ নেন সফররত এসব চিকিৎসক।

এ সময় তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা, উদ্ভাবন ও নতুন নতুন গবেষণার তথ্য তুলে ধরেন। সম্মেলনে বিদেশি এসব বিশেষজ্ঞ চিকিৎসক ধরাবাঁধা পথে রোগ শনাক্ত করা ও চিকিৎসা দেওয়া সম্ভব না হলে সব সময় বিকল্প পন্থার কথা মাথায় রাখতে হবে বলে পরামর্শ দেন।

পুরো কর্মসূচি সম্পর্কে ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান বলেন, “আমরা সব সময় চাই বাংলাদেশের চিকিৎসাখাতের উন্নতি। দেশের চিকিৎসকরা যেন দেশে বসেই উন্নত সব টেকনোলজি ব্যবহার করে গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জানতে পারে সেজন্যই আমরা এই আয়োজন করেছি। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল সব সময় রোগীবান্ধব। সাধারণ মানুষের জন্য ইম্পেরিয়াল হাসপাতাল বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। আর মৌলভীবাজার স্বাস্থ্যসেবায় একটু পিছিয়ে আছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প মৌলভীবাজারের মানুষের জন্য উন্নত সেবাপ্রাপ্তির একটি বড় সুযোগ”।

এ বিষয়ে টিআরএফ এর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সেলিনা বেগম বলেন, “বিভিন্ন দেশে দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে আসছে তাফিদা রাকিব ফাউন্ডেশন। বাংলাদেশে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

Share





Related News

Comments are Closed