Main Menu

কুলাউড়ায় ২ যমজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করলো মা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪ বছর বয়সী নিজের যমজ দুই পুত্র সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে মা।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা।

নিহত দুই সন্তানের নাম রাদিয়ান ও রাইয়ান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া শনিবার গভীর রাতে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রকে পানিতে চুবাচ্ছে। এসময় স্বামী ও তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত শিশুদের বাবা বাচ্চু মিয়া এক সপ্তাহ আগে দেশে আসেন ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার জন্য।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই ঘাতক রিমা বেগমকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান।

Share





Related News

Comments are Closed