Main Menu

কমলগঞ্জে ব্যবসায়ীকে ফাঁসানোর ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগবাজারে ইয়াবা দিয়ে ফার্মেসি ব্যবসায়ী স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাদের মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়।

গত রোববার (২০ মার্চ) রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় থেকে এ দু’জনকে প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়।

ঘটনাসূত্রে জানা যায়, গত শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার মধ্যভাগবাজারের ফার্মেসি নিউ মেডিসিন কর্নারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নাপা সিরাপের কথা বলে ইয়াবা দিয়ে নিরীহ ফার্মেসি মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টা করেন। এ সময় উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করে রাখার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় এবং পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়।

আলাপকালে কমলগঞ্জের লেখক-গবেষক আহমদ সিরাজ ও পরিবেশকর্মী নুরুল মোহাইমীন মিল্টন বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও ঘটনার পেছনে কার ইন্ধন রয়েছে সেটি খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

শুধু পুলিশ সদস্যদের প্রত্যাহার করে পেছনের মদদদাতাদের চিহ্নিত না করায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, পুলিশের এমন কর্মকান্ড মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে খতিয়ে দেখা হয়। ঘটনার সাথে পুলিশের সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত ৩ পুলিশ সদস্যের মধ্যে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে থানা থেকে ওই দুই দোষী পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করার আদেশ দেয়া হয়। প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য ২১ মার্চ সোমবার সকালেই মৌলভীবাজার পুলিশ লাইনে যোগদান করেছেন বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed