Main Menu

মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুনি খাড়িয়া ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে। স্থানীয়দের ধারণা, সোমবার (৯ নভেম্বর) রাতের কোনো একসময় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, তাঁকে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share





Related News

Comments are Closed