Main Menu

জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ।

পরে তাঁকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান। একই সঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed