Main Menu

গোলাপগঞ্জে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার বিকেল থেকে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিকেল সাড়ে ৩টায় কর্মী-সমর্থকদের নিয়ে মনোয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল।

এরপর বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য হাসিনা বেগম, মহানগর ছাত্রলীগের সেক্রেটারী আবদুল আলিম তুষার, আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ।

স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বিকেল ৪টা ১২ মিনিটে মনোনয়ন পত্র জমা দেন। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিগত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার শুরু থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে আসছেন।

পরে বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রথমে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার কথা থাকলেও তাঁর নিজ এলাকাবাসীর চাপে দলীয় মনোনয়ন ফেরত দিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

সর্বশেষে বিকেল ৫টায় বিএনপির প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহমদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেন। এসময় তাঁর সাথে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নোমান উদ্দিন মুরাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং ১৭ সেপ্টেম্বর সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩ অক্টোবর ভোট গ্রহন অনুষ্টিত হবে।

প্রসঙ্গত, গত ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

Share





Related News

Comments are Closed