কোম্পানীগঞ্জে ৩০টি অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয় স্টোন ক্রাশার মিলের ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া। এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
জানা যায়, গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেন। কিন্তু জব্দের দুই দিনের মাথায় দুর্বৃত্তরা সেখান থেকে পাথর সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সরিয়ে নেওয়া পাথরের অধিকাংশ চিকাডহর গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আশপাশে রাখা হয়। জব্দ করা পাথর সরিয়ে ফেলায় নিলামগ্রহীতার কাছে সেগুলো বুঝিয়ে দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, স্থানীয় সূত্রের অভিযোগ, বেশ কিছুদিন ধরে জব্দ করা এসব পাথর রাতের আঁধারে ট্রাক্টরে করে ভোলাগঞ্জ ও পাড়ুয়ার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে বিক্রি করছে একটি চক্র। এ চক্রের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বলে অভিযোগ উঠেছে। দুই শত ঘনফুট পাথরবোঝাই প্রতিটি গাড়ি পরিবহনের সুযোগ করে দিতে ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয় বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। শাহ আরেফিন এলাকায় পুলিশের দুটি টহল দল থাকলেও তাদের ম্যানেজ করে বাবুল প্রতি রাতে ৫০ থেকে ৮০টি পাথরবোঝাই ট্রাক্টর চলাচলের ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বাবুল আহমদের বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার ভোর ৪টা থেকে শাহ আরেফিন টিলার জব্দ করা পাথর পরিবহন শুরু হয়। খবর পেয়ে সকাল ৬টায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযানে কোনো ট্রাক্টর আটক করা সম্ভব হয়নি। পরে যেসব ক্রাশার মিলে এসব পাথর বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোতে অভিযান চালানো হয়। বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে পেলোডার দিয়ে মোট ৩০টি পাথর ভাঙার মিল গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথর ও স্থানীয় স্টোন ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।
অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে ৩০টি অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ওRead More
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More



Comments are Closed