জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী জনপদ। বসতভিটা, কৃষিজমি, সড়ক, মসজিদ ও কবরস্থান রক্ষার পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে উপজেলার আটগ্রাম, গদাধর ও ভাখরশাল এলাকায় নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কোথাও বন্যা প্রতিরক্ষা ডাইক নদীগর্ভে বিলীন হয়েছে, কোথাও সড়ক ধসে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাঙনের কারণে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় সুরমা ও কুশিয়ারা নদীতে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং বরাদ্দকৃত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জের নদীভাঙন পরিস্থিতি জাতীয় সংসদে তুলে ধরেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আটগ্রামের নালুহাটি ভাঙনস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
ইতোমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জে ২৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫ দশমিক ১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, শুধু প্রকল্প গ্রহণ কিংবা বরাদ্দ ঘোষণা করলেই নদীভাঙন বন্ধ হবে না। প্রয়োজন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং নির্মাণকাজের মান নিশ্চিত করা। এজন্য সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, কাজের গতি বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ব্লক স্থাপনসহ স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নদীভাঙন যখন মানুষের বসতভিটা, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থার পাশাপাশি দেশের ভূখণ্ডের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন প্রকল্প বাস্তবায়নে অবহেলা ও দীর্ঘসূত্রতার কোনো সুযোগ নেই। নদীভাঙন প্রতিরোধকে জাতীয় অগ্রাধিকার দিয়ে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Related News
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More
কোম্পানীগঞ্জে ৩০টি অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ওRead More



Comments are Closed