Main Menu

গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুফিয়ান আহমদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মল্লিকার নেতৃত্বে এসআরবি-৯-এর সহায়তায় অভিযান চালিয়ে সুফিয়ান আহমদকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ খাগাইল গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বোনের সঙ্গে সুফিয়ানের চাচাতো ভাইয়ের বিয়ে হওয়ার সুবাদে তাঁদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সুফিয়ান ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে তরুণী বিয়ের দাবি জানালে সুফিয়ান বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে গত ৯ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

মামলায় সুফিয়ান আহমদকে প্রধান আসামি করে তাঁর ভাই সুলতান আহমদ (৪০), বোন আম্বিয়া বেগম (৪৫) এবং বোনের স্বামী সুহেল মিয়াকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বলেন, সব আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed