Main Menu

গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে গুরুতর আহত হয়ে প্রাণ হারান নাইম আহমদ (২৬)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালের দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের আজির উদ্দিন ও আঙ্গুর বেগমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাইম মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট পৌছে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছাকাছি নালিউরি গ্রামে পৌঁছালে হঠাৎ একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নাইম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed