Main Menu

জুড়ীতে দুই শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় (ভেন্যু টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ) ও হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক নিলু রুদ্র পাল (এমপিওভুক্ত) ও খায়রুল ইসলাম সোহান (অনারারি) পরীক্ষার হলে কর্মরত থাকাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে নকল সংগ্রহ করে পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদেরকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় এবং ত্রিশ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়। একইসাথে তিন বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
অপরদিকে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার অভিযোগে শিলুয়া উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃহাশিন আহমেদ চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed