Main Menu

শেষ শ্রদ্ধায় সুনামগঞ্জে সুরঞ্জিতকে বিদায়

বৈশাখী নিউজ ডেস্ক: শেষ শ্রদ্ধায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানিয়েছেন তার নিজ জেলা সুনামগঞ্জবাসী। সোমবার দুপুরে সুনামগঞ্জ নতুন কোর্ট চত্বরে তার মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এর আগে দুপুর ১টা ১০ মিনিটে তার মরদেহ হেলিকপ্টার করে সুনামগঞ্জের পুলিশ লাইন মাঠে এসে পৌঁছায়। সেখান থেকে কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হয়।

জেলার সব শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লায় নিয়ে যাওয়া হবে। প্রথমে তার মরদেহ নেওয়া হবে শাল্লা উপজেলায়, পরে তার জন্মভূমি দিরাইয়ে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য হবে।

মরদেহের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাতীয় সংসদের হুইপ শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এনামুল কবির ইমন।

এর আগে বেলা ১১টায় তার মরদেহ সিলেট শহীদ মিনারে এসে পৌঁছ‍ায়। সেখান থেকে দুপুর ১২টায় হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে স্বজনরা সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন।

Share





Related News

Comments are Closed