Main Menu

সিলেটে ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রহমান চৌধুরী রাজনকে কোপানের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছয়েফ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার রাতে রাজনের ছোটভাই গোলাম হাসান চৌধুরী সাজন বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানান শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি।
গত ৩০ জানুয়ারি রাত ৯টার দিকে নগরীর টিলাগড়ে রাজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন রাজনের বড় ভাই মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছয়েফ খান (২৭), জুনেদ (২২), মঞ্জুর আহমদ (৩৩), হাসান (২০), কামরান আহমদ সজল (২২), উজ্জ্বল (৩০), সাগর (২০), রুমান আহমদ (২০), অসীম (২১) ও জামিল আহমদ (২১)।
তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।
গোলাম সোবহান চৌধুরী বলেন, হামলায় রাজনের হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার দুই পায়েও কোপানো হয়েছে। বাম হাত ও বাম পায়ের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed