Main Menu

মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের কড়া বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। একই সঙ্গে, এ ধরনের তথ্য গোপন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্যও হতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।

এর আগে দেওয়া আরেক বার্তায় ভিসা সাক্ষাৎকারের সময় অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়ার নির্দেশনা দেয় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য দেওয়া বা কোনো তথ্য গোপনের চেষ্টা না করতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

মার্কিন ভিসার আবেদন ও সাক্ষাৎকারে অনেক আবেদনকারী আগের ভিসা প্রত্যাখ্যান, নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা (ওভারস্টে) অন্য কোনো ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার তথ্য গোপন করার চেষ্টা করেন। তবে মার্কিন দূতাবাসের তথ্যভান্ডার ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এসব তথ্য শনাক্ত করা সম্ভব।

তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও গুরুতর জটিলতায় পড়তে হতে পারে। কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

Share





Related News

Comments are Closed