পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছাড়িয়ে আবার সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে শুরু করবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। এর ব্যাস প্রায় দুই মিটার বা ছয় ফুট। বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা উপগ্রহের ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দেয় ২০২৬ কিউকিউ৮।
সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তবে ‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়।
এর আগে পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে ঘুরে যাওয়া কয়েকটি প্রাকৃতিক বস্তুকে এ নামে অভিহিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মধ্যে ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর উপস্থিতি অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে একটি মিনি মুন থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর আশপাশে অবস্থান করে। কোনো কোনো সময় একাধিক বস্তুও থাকতে পারে।
কীভাবে শনাক্ত হলো এই মিনি মুন
হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি গ্রহাণুটি প্রথম শনাক্ত করেন । গত আগস্টে তিনি বস্তুটিকে শনাক্ত করেন। প্রাথমিকভাবে এর নাম দিয়েছিলেন সার২৯০১।
সারনেস্কি জানান, ২০২০ সাল থেকে প্রতিটি পরিষ্কার রাতে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু অনুসন্ধান করছিলেন তিনি। আবিষ্কারের সময় বস্তুটিকে অন্য সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়েছিল। পরে এর কক্ষপথের নিখুঁত হিসাব-নিকাশের মাধ্যমে এর বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে।
প্রথম দিকে বিজ্ঞানীদের মধ্যে বস্তুটির উৎস নিয়ে মতভেদ ছিল। এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি মানুষের তৈরি কোনো মহাকাশযানের অংশ- তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কয়েক সপ্তাহ ধরে সৌর বিকিরণের প্রভাবে বস্তুটির গতিপথে কী পরিবর্তন হচ্ছে, তা পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি প্রাকৃতিক বস্তু।
এ কাজে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ ব্যবহার করা হয়।
পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই
বিজ্ঞানীরা বলছেন, ২০২৬ কিউকিউ৮ গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে কোনোভাবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও এর ক্ষুদ্র আকারের কারণে বায়ুমণ্ডলেই ভেঙে যাওয়ার কথা।
ম্যাথিউ পেইনের ভাষ্য, এমন ঘটনা ঘটলেও আকাশে উজ্জ্বল উল্কার মতো দৃশ্য দেখা যেতে পারে এবং সামান্য শব্দ হতে পারে। এতে পৃথিবীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছাকাছি আসা এসব গ্রহাণুর অধিকাংশের উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে। সেখানে লাখ লাখ পাথুরে বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় প্রভাবে এসব গ্রহাণুর কিছু অংশের কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসে।
ভবিষ্যতে আরও মিনি মুনের সন্ধান মিলবে?
ম্যাথিউ পেইনের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি প্রায় ৪০ হাজার মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। আর পুরো সৌরজগতে শনাক্ত করা বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ।
তবে ভবিষ্যতে এ সংখ্যা দ্রুত বাড়তে পারে। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি ইতিমধ্যে ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাযুক্ত টেলিস্কোপটির মাধ্যমে গ্রহাণু, ধূমকেতু ও দূরবর্তী ছায়াপথ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পেইনের আশা, এ পর্যবেক্ষণ কার্যক্রম পুরোপুরি চালু হলে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে।
Related News
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুইRead More
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
প্রযুক্তি ডেস্ক: টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেনRead More



Comments are Closed