ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, একটিতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় একই ইউনিয়নের নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেন। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন কিফায়েতনগর এলাকার যুবলীগ নেতা নুরুল করিম। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়।
এর প্রতিবাদে শনিবার বিকেলে যুবদল মিছিল বের করলে কিফায়েতনগর এলাকায় পৌঁছানোর পর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় মিছিলে থাকা গাড়িগুলো ভাঙচুর করা হয়। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা নুরুল করিম তার বাড়িতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন।
ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। প্রয়োজনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মো. আকিব বলেন, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কিপাইতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন যুবদল-ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, একটিতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।Read More
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৪ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহRead More



Comments are Closed