পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১৮ কোটি ২১ লাখ ৬৯,৫১৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস ২৪ দিনের ব্যবধানে ১৩টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ৫১ বস্তায় ভর্তি নগদ অর্থের পাশাপাশি মিলেছে স্বর্ণনির্মিত চামচ ও বাটি; বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রৌপ্য ও হীরার গয়না।
দান সিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিলো না। ছিলো স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সেসবও অন্যান্যবারের চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে সোনা ও রূপা। দিনার, ইউরো, ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার সংখ্যাও ছিলো এবার সর্বোচ্চ। এছাড়া মিলেছে মানতকারীদের ইচ্ছেপূরণের হাজারো চিঠি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দান সিন্দুক খোলা হয়।
সরেজমিনে দেখা যায়,শনিবার সকাল থেকেই পাগলা মসজিদ প্রাঙ্গণে এক ব্যতিক্রমী কর্মযজ্ঞের সূচনা হয়। মসজিদের সংরক্ষিত স্থায়ী ১০টি ও অস্থায়ী ৩টিসহ মোট ১৩টি দানসিন্দুক একে একে খোলা হয়। দীর্ঘ ছয় মাস ধরে মানুষের দান-অনুদানে পরিপূর্ণ সিন্দুকগুলো থেকে পাওয়া অর্থ সাদা বস্তায় ভরে নিয়ে যাওয়া হয় মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায়। সেখানে বস্তাভর্তি টাকা মেঝেতে ঢেলে শুরু হয় দীর্ঘ ও সুপরিকল্পিত গণনার কাজ। অর্থের প্রতিটি স্তূপ যেন বহন করছিল অসংখ্য মানুষের প্রার্থনা, প্রত্যাশা আর মহান স্রষ্টার প্রতি নিবেদিত ভালোবাসার গল্প।
এবার পাওয়া ৫১ বস্তা টাকা একে একে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। এই বিশাল গণনাযজ্ঞে অংশ নেন মোট ৬৮০ জনের একটি বিরাট টিম টাকা গণনার কাজে সম্পৃক্ত রয়েছে। পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩৯০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৫৯৪ জন টাকা ভাঁজ করা ও গণনার কাজ করেন। র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা তাদের সহায়তা করেন।
অন্যদিকে, দানসিন্দুক খোলা থেকে শুরু করে অর্থ গণনা ও সংরক্ষণের প্রতিটি ধাপে নিশ্চিত করা হয় কঠোর নিরাপত্তা। জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র্যাব সদস্য এবং ২০ জন আনসার সদস্য। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরাপত্তার সমন্বয়ে সম্পন্ন হয় এই বিশাল আয়োজন।
পাগলা মসজিদের দানসিন্দুক খোলার দৃশ্য শুধু বিপুল অর্থ পাওয়ার সংবাদ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের বিশ্বাসের এক গভীর অধ্যায়। ধর্মীয় অনুভূতি ও মানুষের অকৃত্রিম ভালোবাসায় গড়ে ওঠা এই দানের অর্থ এখন শিক্ষা, চিকিৎসা, এতিম-অসহায় মানুষের সহায়তা এবং মসজিদের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হলেও এবার দীর্ঘ চার মাস ২৪ দিন পর তা খোলা হয়েছে। এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। গণনা শেষে ওই অর্থ রূপালী ব্যাংকে পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। পাশাপাশি দানসিন্দুকে পাওয়া স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, গণনা শেষে দানসিন্দুকে পাওয়া সব অর্থ ব্যাংকে জমা রাখা হবে। গত ১২ অক্টোবর ট্রেজারিতে প্রায় ছয় বছর ধরে জমা রাখা অলংকার ওজন করে পাওয়া গেছে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা। এছাড়াও পাওয়া গেছে ১৭ দেশের মুদ্রা এসব প্রাপ্ত মুদ্রা বিনিময় করে পাওয়া গেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা। অলংকারগুলোর বাজার মূল্য নির্ধারণ ও নিলাম প্রক্রিয়া চলছে। ধর্মপ্রাণ মানুষের দানের অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও জনকল্যাণে ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, পাগলা মসজিদের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশের যে কেউ অনলাইনে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান দিতে পারছেন। ইতোমধ্যে ওয়েবসাইটটির বাংলা সংস্করণও চালু হয়েছে। অনলাইনে এ পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান এসেছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে প্রাপ্ত অর্থের হিসাব সমন্বয়-পরবর্তী সময়ে ব্যাংক হিসাবে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে।
শুধু দান গ্রহণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনাই নয়, পাগলা মসজিদকে আধুনিক, দৃষ্টিনন্দন ও জনবান্ধব ধর্মীয় কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ ফাঁকা জমি পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। একই সঙ্গে মসজিদ কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও চলমান রয়েছে।
মসজিদে আগত মুসল্লিদের সুবিধার্থে বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রমও এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্যও মসজিদ প্রাঙ্গণ আরও সুবিধাজনক হয়ে উঠবে।
পাগলা মসজিদের তহবিলের অর্থ ব্যয় হচ্ছে শিক্ষা ও মানবিক সহায়তার বিভিন্ন খাতেও। জেলা প্রশাসক জানান, মসজিদ কমপ্লেক্সভুক্ত মাদরাসার ১৩০ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর যাবতীয় ব্যয় এই তহবিল থেকে বহন করা হচ্ছে। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ব্যয়ও এখান থেকে নির্বাহ করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসাসহায়তায় অনুদান দেওয়া হচ্ছে।
পাগলা মসজিদের দানসিন্দুক খোলা ও গণনা কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ মসজিদ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
দানবাক্সে অর্থ দানের পাশাপাশি মানতকারীরা পাগলা মসজিদে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও মৌসুমি শাকসবজিসহ নানা সামগ্রী দান করেন। এসব সামগ্রী প্রতিদিন বিকেলে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত সমুদয় অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। অন্যদিকে, মুসল্লিদের ক্রমবর্ধমান উপস্থিতি ও নামাজের স্থান সংকুলানের সমস্যা নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নামাজের তিনটি শেড, অজুখানা এবং নারীদের জন্য পৃথক ওয়াশরুম।
Related News
পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১৮ কোটি ২১ লাখ ৬৯,৫১৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস ২৪ দিনেরRead More
নিখোঁজের ২দিন পর নদীতে মিলল শিক্ষক আদিত্যের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকারRead More



Comments are Closed