Main Menu

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট বিজিবি সদস্য মোতায়েন করা হলো ৫৫ প্লাটুন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন (২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন (২৬ প্লাটুন) বিজিবি মোতায়েন শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Share





Related News

Comments are Closed