পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মীরবক্সটুলাস্হ হোটেল ইন এর কনফারেন্স রুমে “১৯১৭ -২০২৬, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষা এবং দেশে দেশে মুক্তির সংগ্রাম” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
আলোচনা সভায় রাজেকুজ্জামান রতন বলেন, পুঁজিবাদী দুঃশাসন, শোষণ ও নিপীড়নে মানুষের জীবন ওষ্ঠাগত, অন্যদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন আগের যে-কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপ নিয়েছে। শেখ হাসিনা দিল্লির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। অভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকার ও বর্তমান বিএনপি সরকার ‘দিল্লি না, ঢাকা’ স্লোগান তুলে ওয়াশিংটনের কাছে দেশ বন্ধক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এক সাম্রাজ্যবাদের কবল থেকে দেশ আজ আরেক সাম্রাজ্যবাদের কবলে। কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ড. ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি করে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে গেছে, বিএনপি সরকার তা বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানির দাম বাড়ছে, জ্বালানি-নিরাপত্তা হুমকিতে পড়েছে। আজ বুর্জোয়া শাসকদের কাছে দেশ, কৃষি-শিল্প, খনিজ সম্পদ, বন্দর ও সার্বভৌমত্ব-কিছুই নিরাপদ নয়। যতদিন বুর্জোয়া রাজনৈতিক দল ও সরকারগুলো পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু নীতি নিয়ে, গাঁটছড়া বেঁধে দেশ চালাবে, ততদিন শ্রমিক-কৃষক, মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ৭ নভেম্বর ‘২৬ রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী। এ বিপ্লব মানবসভ্যতাকে এমন এক উচ্চতায় তুলে ধরেছিল, যা দুনিয়ার শ্রমজীবী মানুষের চোখ খুলে দিয়েছিল। মানুষ কর্তৃক মানুষের শোষণ দূর করেছিল। তাই আসুন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী-সব শ্রেণি-পেশার মানুষ মিলিতভাবে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করি, মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে তুলি।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল কাসেম, অধ্যাপক জান্নাত আরা খান, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সিরাজ আহমদ,বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা প্রমূখ।
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed