Main Menu

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলার সময়সূচি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার পূর্ব আদমখানী মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুটবল মাঠে খেলা পরিচালনা ও আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানি এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে বানিয়াচং থানার ওসি নাজমুল হকের ডান পায়ে গুরুতর চোট লাগে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি নাজমুল হক বলেন, ‘ফুটবল খেলার সময়সূচীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।’

তিনি বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

Share





Related News

Comments are Closed