হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমান প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। পরে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
প্রবাসী সাবিন মিয়ার ছেলে তুহিন মিয়া জানান, তাঁর আরও দুই ভাই প্রবাসে থাকেন। বড় ভাই ওমানে এবং ছোট ভাই বাহরাইনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ঘটনার রাতে তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়ায় ছিলেন। প্রতিবেশীর ফোনে ডাকাতির খবর পেয়ে মোটরসাইকেলযোগে সকাল ৬টার মধ্যে বাড়িতে পৌঁছান।
তুহিনের অভিযোগ, ঘটনার পর তিনি স্থানীয়দের নিয়ে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশকে সংযুক্ত করা হয়। সকাল আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ পরিদর্শন করে এবং ছবি ধারণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিডি করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
Related News
হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারেরRead More
হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে একRead More



Comments are Closed