Main Menu

হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ‘সাপ্তাহিক হবিগঞ্জ খবর’র সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার শাহ মো. হুমায়ুন কবির হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহর ছেলে।

জানা গেছে, সাংবাদিক হুমায়ুন কবির চা-বাগানের বিভিন্ন অনিয়ম, শ্রমিকদের অধিকার ও বঞ্চনার চিত্র তুলে ধরে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন বক্তব্য ও লেখালেখির মাধ্যমে সরব ছিলেন তিনি। তার এসব প্রতিবাদী লেখালেখি ও অবস্থান বাগানসংশ্লিষ্ট কোনো প্রভাবশালী মহলের বিরাগভাজনের কারণ হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সাংবাদিক মহলের কারও কারও অভিযোগ, সংবাদ সংগ্রহের কথা বলে তাকে চা-বাগানে ডেকে নিয়ে পরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাটি পরিকল্পিত হতে পারে। অতীতেও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সাজানো নিয়ে আলোচনা হয়েছে বলে তাদের দাবি। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, শাহ হুমায়ুন কবির একজন মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। চা-শ্রমিকদের পক্ষে তার প্রতিবাদী লেখালেখি ও বক্তব্যও দীর্ঘদিনের। তার গ্রেফতারের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রশ্ন উঠেছে—চা-বাগানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ এবং চা-শ্রমিকদের অধিকার নিয়ে লেখালেখি করার কারণে কোনো সাংবাদিককে হয়রানির শিকার হতে হচ্ছে কি না? নাকি তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের পেছনে রয়েছে ভিন্ন কোনো ঘটনা?

অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Share





Related News

Comments are Closed