Main Menu

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ। ২৫ নভেম্বর দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ এবং ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি।

এ ছাড়া ৩০ নভেম্বর দেশের সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ২ ডিসেম্বর পোশাকশিল্পে সৃষ্ট সংকট ও অস্থিরতা নিয়ে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে জামায়াত।

ডিসেম্বরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমনে ব্যর্থতা নিয়ে রাজধানীতে কর্মসূচি, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতপন্থি আইনজীবীদের কর্মসূচি এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা হবে। এতেও প্রধান অতিথি থাকবেন তিনি।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী ঢাকাসহ দেশের সব শাখায় বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে দলটি।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

Share





Related News

Comments are Closed