হবিগঞ্জের বরের স্বর্ণালংকার নিয়ে উধাও রংপুরের কনেপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের ঠিক আগ মুহুর্তে ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার কাপড় ও নগদ ১০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তার স্বজনরা।
গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিষযটি জানাজানি হয়। ভুক্তভোগী যুবক হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রংপুর সদর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ বলছে, অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
বরপক্ষের স্বজনদের সূত্রে জানা যায়, ওই যুবকের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে তার বোনের মাধ্যমে। বরের বোনের সঙ্গে কনের বড় বোনের পুর্ব থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হয়। পরে বিয়ের দিনক্ষণ নির্ধারণসহ আনুষঙ্গিক সব আয়োজন চূড়ান্ত করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন বর। পরদিন রংপুর শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাদের স্বাগত জানিয়ে একটি আগামীর চাষি কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের নিয়ে আসা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে যাচাইও করা হয়।
এরপর কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে বরপক্ষের দেওয়া স্বর্ণালংকার পরেন কনে। একপর্যায়ে কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য স্থানে নিয়ে যায় কনেপক্ষের কয়েকজন। পরে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের রেখে আসা হয়। এ সুযোগে স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন উধাও হয়ে যায় বলে অভিযোগ করেছেন বরপক্ষের সদস্যরা।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ভুক্তভোগী বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বরের নিকটাত্মীয় আশিক উদ্দিন বলেন, আমরা বুঝতে পারিনি কনেপক্ষ এমন প্রতারণা করবে। বিষয়টি খুবই দুঃখ জনক, সরলতার সুযোগে তারা ছেলেটির সাথে প্রতারণা করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রতারক চক্র। দ্রুত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Related News
হবিগঞ্জের বরের স্বর্ণালংকার নিয়ে উধাও রংপুরের কনেপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক যুবক।Read More
হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগ নেতা ও সাবেকRead More



Comments are Closed