Main Menu

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেন, অতীতে মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চরম সংকটের মধ্যে ছিল। বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পতিত সরকার সাধারণ মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় পরিবারকে সব ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও বক্তব্য দেন।

বক্তারা সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সন্ত্রাস, নাশকতা ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

Share





Related News

Comments are Closed