Main Menu

হবিগঞ্জে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৮ মে) সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এরপর একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হলে সেখান থেকেও বস্তার ভেতরে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনের ক্ষেত্রে পণ্য পরিবহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন আরও জানায়, চোরাকারবারীরা জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহন করে রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের চোরাচালান রোধে সীমান্তে অভিযান আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে জানিয়েছে, জাতীয় অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed