Main Menu

দেশে মানসিক সংকটে ভুগছেন প্রতি পাঁচজনে একজন

বৈশাখী নিউজ ডেস্ক: একবিংশ শতাব্দীর অন্যতম বড় নীরব সংকট মানসিক স্বাস্থ্য। বাইরে থেকে প্রাণখোলা হাসি, উচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জীবনযাপনের আড়ালেও অনেক মানুষ প্রতিনিয়ত লড়াই করছেন হতাশা, একাকীত্ব ও নানা মানসিক সমস্যার সঙ্গে। সময়মতো যত্ন, সহমর্মিতা ও চিকিৎসা না পেলে এসব সমস্যা একসময় গুরুতর রূপ নিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি সাতজনের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশে প্রতি পাঁচজনের একজন কোনো না কোনো মানসিক সমস্যার শিকার। দক্ষিণ এশিয়ায় অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ।

শারীরিক অসুস্থতার মতো মানসিক সমস্যার ক্ষেত্রেও প্রয়োজন যথাযথ পরিচর্যা ও চিকিৎসা। কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্যসেবার অবকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে মানসিক সমস্যায় আক্রান্ত অনেক মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগেই পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী কিংবা আশপাশের কেউ সহানুভূতির সঙ্গে আক্রান্ত ব্যক্তির কথা শুনে এবং পাশে দাঁড়িয়ে প্রাথমিক সহায়তা দিতে পারেন।

ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগে আক্রান্ত ব্যক্তির মনের কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কারও কথা যথাযথভাবে শোনা এবং প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার জন্য সাধারণ মানুষেরও কিছু মৌলিক প্রশিক্ষণ প্রয়োজন।

মানসিক স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে শুরুতেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীনের মতে, মানসিক সমস্যা গভীর হওয়ার আগেই প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ানো গেলে আত্মহননসহ বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের মধ্যে সহমর্মিতার চর্চা জরুরি। হতাশাগ্রস্ত কাউকে অবহেলা বা বিচার না করে তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা এবং সংকটের সময় পাশে থাকাই হতে পারে প্রাথমিক সহায়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একজন মানুষের একটুখানি মনোযোগ, সহানুভূতি ও সহযোগিতা অন্য একজনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় শুধু বিশেষজ্ঞদের ওপর নির্ভর না করে পরিবার, বন্ধু ও সহকর্মীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share





Related News

Comments are Closed