Main Menu

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে দেড় কোটি টাকার মালামালসহ দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এসময় ২ আসামিকে আটক করেছে বিজিবি।

রোববার (৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) ও দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. আশরাফুল (২০)।

এসময় ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু, এনার্জি ড্রিংকস ও ২টি যানবাহন জব্দ হয়েছে। আটক আসামিসহ মালামাল ও গাড়ি মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ট্রাক তল্লাশি করে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো অবস্থায় দেখতে পায়। জিরার কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপরদিকে, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর তেলিয়াপাড়া বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একই এলাকায় একটি সন্দেহভাজন মাইক্রোবাস তল্লাশি করে ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান এনার্জি ড্রিংকস জব্দ করা হয়। পরে গাড়িসহ ওই ২ আসামিকে আটক করা হয়।

পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

জব্দ করা জিরা, গরু ও যানবাহন যথাযথ নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালানি ও মাদক কারবারি চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed